মেহেদী হাসান,হোমনা : কুমিল্লার হোমনা পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানে মাঠে নেমেছেন হোমনা পৌরসভা-এর পৌর নির্বাহী কর্মকর্তা আহমেদ মোফাসের। সোমবার পৌর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে তিনি নিজে সরেজমিনে ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশনের অবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পৌর নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ড্রেনে পানি জমে থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামী তিন দিনের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং খুব শিগগিরই ড্রেনের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।
অভিযান চলাকালে দেখা যায়, দুইটি বহুতল ভবনের সেফটি ট্যাংকের বর্জ্য অবৈধভাবে পৌর ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ভবন মালিককে তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা আহমেদ মোফাসের বলেন, “পৌর এলাকার কোথাও অবৈধভাবে ড্রেনে বর্জ্য ফেলার সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং প্রতিটি ওয়ার্ডেই পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে হোমনা পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।
উল্লেখ্য, হোমনা পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুম এলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পৌরসভার এই বিশেষ অভিযানকে স্থানীয়রা সমস্যার স্থায়ী সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।