• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

চারবার বিচ্ছেদ তবু আশাবাদী লোপেজ

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

প্রভাত বিনোদন : হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। তবে সম্প্রতি লাস ভেগাসে নিজের রেসিডেন্সি কনসার্টে ভক্তদের সামনে তিনি খুলে বলেছেন ভাঙা সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে। ৫৬ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, চারবার বিবাহবিচ্ছেদের পরও তিনি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন—যদিও সেই পথ মোটেও সহজ ছিল না।
মঞ্চে দর্শকের উদ্দেশে লোপেজ বলেন, তৃতীয়বার বিবাহবিচ্ছেদের পর তিনি যেন ‘বিচ্ছেদ সামলাতে অভ্যস্ত হয়ে উঠছিলেন’। তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, এটি মোটেই হাসির বিষয় নয়।
তাঁর তৃতীয় স্বামী ছিলেন গায়ক মার্ক অ্যান্থনি। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তখন তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমির বয়স ছিল মাত্র তিন বছর। লোপেজ বলেন, সেই সময় তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। ‘আমি প্রায় সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলাম। তখন আমি দুই–তিন বছর বয়সী যমজ সন্তানের একা মা’—বলছিলেন তিনি।
সেই কঠিন সময়ে লোপেজ সাহায্য চান স্বনির্ভরতাবিষয়ক লেখক লুসি হের কাছে। লোপেজ জানান, হে তাঁকে একটি সহজ কিন্তু গভীর উপদেশ দিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো নৃত্যশিল্পী, তা–ই না? যখন নাচ শিখতে গিয়ে ভুল করো, তখন কী করো?
লোপেজ বলেছিলেন, ‘আমি চেষ্টা চালিয়ে যাই, যতক্ষণ না ঠিকভাবে করতে পারি।’ তখন হে তাঁকে বলেছিলেন, ঠিক তা–ই, জেনিফার—সব সময় নাচতে থাকো। এই কথাই জীবনের কঠিন সময়ে তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে বলে জানান লোপেজ।
পরবর্তী সময়ে লোপেজ তাঁর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবার সম্পর্ক শুরু করেন এবং ২০২২ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে অতীতের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন তিনি।
কনসার্টে উপস্থিত দর্শকের উদ্দেশে লোপেজ বলেন, জীবনে যত সমস্যাই আসুক না কেন, থেমে যাওয়া যাবে না। ‘আমি চাই, তোমরাও যা–ই ঘটুক না কেন—জীবনের নাচটা চালিয়ে যাও,’—বলেন তিনি।

পেজ সিক্স অবলম্বনে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও