প্রভাত স্পোর্টস: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে তারা এই প্রতিযোগিতার শিরোপা টানা দ্বিতীয়বার জিতল। রেকর্ড তৃতীয় ট্রফি ছুঁয়ে দেখল মেন ইন ব্লুরা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল গৌতম গম্ভীরের দল। রবিবার রাতে মাঠে নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রফি নিয়ে তাদের আনন্দে মেতেছেন তারা, একই সঙ্গে আইসিসির কাছ থেকে পেয়েছেন মোটা অঙ্কের অর্থ।
চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত জিতেছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। এবার রোহিত শর্মাদের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি পেয়েছেন সূর্যকুমাররা। ফাইনালে বিজয়ী হয়ে তাদের পকেটে ঢুকেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। রানার্সআপ নিউজিল্যান্ডও বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে। সাড়ে ১৯ কোটি টাকা পেয়েছে ফাইনালের পরাজিত দলটি।
সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। সুপার এইটে অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকের ব্যাংকে গেছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা।
গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরায় হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য। এখন ঘোষণা আসলেই হয়!