প্রভাত বিনোদন : দুই দশকের ক্যারিয়ারে শ খানেক সিনেমায় অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এখন আর তাঁকে আগের মতো সিনেমার শুটিং সেটে দেখা যায় না। বরং বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। এর মধ্যেই সম্প্রতি এক অনুষ্ঠানে ঢালিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এলেন তিনি।
অপু বিশ্বাসের দাবি, গত এক দশকে দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ অনেকটাই বদলে গেছে এবং তা ইতিবাচকভাবে নয়। তাঁর ভাষায়, ২০১৬ সালের পর থেকেই ঢালিউডে ‘নোংরামি’র চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
ছোটবেলায় নাচ করতেন অপু বিশ্বাস। এরপর নাটকেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তাঁর ঢালিউড–যাত্রা শুরু। অপু বলেন, ‘আমি যখন ২০০৭-০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি কর্মমুখর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে।’ তবে তাঁর মতে, সময়ের সঙ্গে সেই পরিবেশ আর আগের মতো নেই।
অপু বিশ্বাস আরও ক্ষিপ্ত কণ্ঠে বলেন, ‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’ যদিও ঠিক কী ধরনের নোংরামির কথা তিনি বলেছেন, তা নিজের বক্তব্যে স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
অপু বিশ্বাস মনে করেন, মতভেদ বা পক্ষ-বিপক্ষ সব ইন্ডাস্ট্রিতেই থাকে; বলিউড, হলিউড বা টালিউডেও আছে। কিন্তু সেখানে কাজের পরিবেশ নষ্ট হয় না। তাঁর মতে, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সেই সহযোগিতার সংস্কৃতিটাই এখন সবচেয়ে বেশি অনুপস্থিত।
গত কয়েক বছরে অভিনয়ের চেয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে বেশি সময় দিয়েছেন অপু বিশ্বাস। তবে তিনি আবারও নিয়মিতভাবে চলচ্চিত্রে ব্যস্ত হতে চান। তাঁর মতে, পছন্দের গল্প পাচ্ছেন না বলেই এখন বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠানের প্রচারণা ও ফটোশুটের আয়োজনে তাঁকে বেশি দেখা যাচ্ছে।
বিরতির পর অবশ্য আবারও শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস। গত বছরের ডিসেম্বরেই তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন—আদর আজাদের সঙ্গে ‘সিক্রেট’ এবং আবদুন নূর সজলের সঙ্গে ‘দুর্বার’। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত জিমেও সময় দেওয়া শুরু করেন তিনি। এরই মধ্যে দুটি সিনেমারই অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে। এর আগে পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ও ‘লালশাড়ি’ সিনেমায় অভিনয় করেছেন অপু। এর মধ্যে ‘লালশাড়ি’ নির্মিত হয়েছে অপু বিশ্বাসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।