সুমাইয়া আক্তার , জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান (নয়া দিগন্ত)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো জাতির সামনে তুলে ধরতে হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।