প্রভাত সংবাদদাতা, গাজীপুর: ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই করে ডাকাত দল। ডাকাতি হওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ গরুসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করে। পরে ট্রাকসহ গরুগুলো প্রকৃত মালিকের বুঝিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে ডাকাতরা ট্রাকসহ ১৯টি গরু ছিনতাই করে। তারা ট্রাকের চালক, হেলপার, গরুর মালিক এবং রাখালের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে দেয়। পরে দ্রুত গরুর ট্রাক নিয়ে তারা ঢাকার দিকে রওনা দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাজীপুর সদর থানার একটি টহল দল মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি শুরু করে। গরু বহনকারী ট্রাকটি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ সিগন্যাল দেয়। ডাকাতরা সিগন্যাল অমান্য করে দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পরে বেতার বার্তার মাধ্যমে পুলিশের অন্যান্য টহল দলকে বিষয়টি জানানো হলে পুলিশের ‘মোবাইল-১১ নাইট টহল দল’ সিগন্যাল অমান্য করা ট্রাকের পেছনে ধাওয়া করে। ধাওয়ার মুখে বুধবার ভোর ৩টা ১০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর মহানগরীর সালনা ফরেস্ট অফিসের সামনে ডাকাতরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ছিনতাই হওয়া ট্রাকসহ (রেজি. নং ঢাকা মেট্রো-ড-১১-৪৭৮৪) ১৯টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করে ট্রাকের চালক, হেলপার, গরুর মালিক এবং রাখালের কাছে বুঝিয়ে দেয়। গরুসহ ট্রাক ছিনতাইয়ে জড়িত ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।