প্রভাত সংবাদদাতা,চট্টগ্রাম: সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ ৬০টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ চট্টগ্রামের ওইসব এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ।
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেছিলেন। সেই অনুযায়ী তারা বৃহস্পতিবার ৩০ রোজা পালন সম্পন্ন করেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব মতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চন্দ্র মাসের সঙ্গে সম্পৃক্ত সব অনুশাসন পালন করে আসছেন।
মির্জাখীল দরবার শরিফ সূত্র মতে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা; চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি; বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি; আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা; লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী; সীতাকুণ্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা এবং মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী পবিত্র রমজান পালন শেষে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করছেন।
এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরিফের অনুসারীরাও আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদ আনন্দ উপভোগ করছেন।
ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের কর্মকর্তা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফী মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশগুলোতে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এবং দরবার শরিফ অনুসারীরা ঈদ উদযাপন করছেন।’