আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানি তেল কিনতে তৎপর ভারত: রয়টার্স
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৬
প্রভাত ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সাগরে থাকা ইরানি তেল বিক্রির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। এই সুযোগে ভারতের শোধনাগারগুলো পুনরায় ইরানি তেল কেনার পরিকল্পনা করছে। এশিয়ার অন্য দেশগুলোও একই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
ভারতের শোধনাগারের তিনটি সূত্র বলছে, তারা ইরানি তেল কিনতে আগ্রহী। এ বিষয়ে বর্তমানে সরকারের নির্দেশনা ও ওয়াশিংটনের পক্ষ থেকে পেমেন্ট শর্তাবলির মতো বিষয়গুলোর স্বচ্ছতার অপেক্ষায় রয়েছে তারা।
এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারত রুশ তেল সংগ্রহ করেছিল। অন্যান্য বড় এশীয় আমদানিকারকদের তুলনায় ভারতের তেলের মজুত কম হওয়ায় দেশটি ইরানি তেল কেনার পদক্ষেপ নিচ্ছে।
বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যমতে, বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে চীনের নিকটবর্তী সমুদ্র অঞ্চল পর্যন্ত প্রায় ১৭ কোটি ব্যারেল ইরানি অপরিশোধিত তেল জাহাজে ভাসমান অবস্থায় রয়েছে।
এশিয়া অপরিশোধিত তেলের চাহিদার ৬০ শতাংশের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। কিন্তু চলতি মাসে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের শোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে এবং জ্বালানি রফতানি সীমিত করতে বাধ্য হচ্ছে।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর থেকে চীন ছিল ইরানি তেলের প্রধান ক্রেতা। গত বছর চীনের স্বাধীন শোধনাগারগুলো প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৮ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। চীন ছাড়াও আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ছিল ইরানি তেলের প্রধান আমদানিকারক। সূত্র: রয়টার্স
Copyright © 2026 প্রভাত. All rights reserved.