আজ
|| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), মো. ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), মো. রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মো. মিজান (৫১), মো. আলমগীর (৪৮), মো. মামুন (৪৫), মো. রাশেদ (৩৫), মো. শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও মো. সাইদুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চোরদের কাছ থেকে কম দামে চোরাই মোবাইল সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.