প্রভাত সংবাদদাতা, রাঙামাটি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে পর্যটনশহর রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বুধবার ভোর রাত থেকেই ফিলিং স্টেশনগুলোর সামনে তেলের জন্য অপেক্ষায় অনেক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী।
বেশির ভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা, সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যানবাহন।
চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির জেরে এই সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ, সবখানেই পড়েছে নেতিবাচক প্রভাব। এদিকে, সংকট আরও বাড়ার আশঙ্কায় আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রল কিনে রাখতে শুরু করেছেন অনেকে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। এর মধ্যে জেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি জ্বালানি দিচ্ছে। তেলের জন্য হচ্ছে মারামারি। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তেলের সরবরাহ স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাসদস্যরা পেট্রল পাম্পগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় কথা হয় জসিম উদ্দিন নামে একজনের সঙ্গে। তিনি জানান, ঈদের ছুটিতে মোটসাইকেল নিয়ে রাঙামাটি বেড়াতে এসে তেলের কারণে আটকে গেছেন। ভোররাত থেকে পাম্পে অবস্থান করে ৫শ টাকার তেল পেয়েছেন।
স্থানীয় চাকরীজীবী ইনা চাকমা বলেন, ‘অফিস থেকে আজ ছুটি নিয়ে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তেল নিলাম। এভাবে আর কতদিন পার করতে হবে জানি না।’
লাইন দাঁড়িয়ে থাকা মাঈন উদ্দিন ও রাহুল চাকমা বলেন, ‘দুপুর হয়ে আসলো, কখন তেল পাবো জানি না। আদৌ পাবো কিনা তার ঠিক নেই।’