আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বাতিল হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট : গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগির এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য থেকে মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
প্রিপেইড মিটারে বাড়তি মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল উল্লেখ করে মন্ত্রী জানান, বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেছে এবং এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল।
অনেক গ্রাহকের অভিযোগ, বছরের পর বছর ধরে রিচার্জের টাকা থেকে নিয়মিত এই চার্জ কাটা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন থেকেও এ চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে ওঠে। মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই আদায় হয়ে যাওয়ার পরও কেন অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে, এমন প্রশ্নও তুলেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.