প্রভাত ডেস্ক: ইরানের উপ-জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, রবিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান ও পাশের আলবোরজ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে। বর্তমানে ইরানের পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে।
জাতীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে উপমন্ত্রী মোস্তফা রজবি মাশহাদি বলেন, তেহরান ও কারাজ শহরসহ আলবোরজের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হয়েছে। তবে এ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে মাশহাদি কিছু জানাননি। এর আগে খবর পাওয়া গিয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের টুকরো আলবোরজ প্রদেশের একটি উচ্চ-ভোল্টেজ টাওয়ার এবং ‘দুশান তাপে’ বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতি করেছে।
মাশহাদি জানান, এ ঘটনায় বেশ কয়েকটি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা