• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

পাথরঘাটায় খাদ্য গুদামের জেটির জায়গা দখল করে উঠলো একাধিক দোকান

প্রভাত রিপোর্ট / ৯০ বার
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মো.মাহবুবুর রহমান , পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সরকারি খাদ্য গুদামের জেটির জায়গা দখল করে রাতের আঁধারে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ভূমি দস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই অবৈধ স্থাপনার সামনে চেয়ারে বসে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে নির্মাণ কাজ চালানো হচ্ছে। এর আগে গত সোমবার গভীর রাতে বড় ব্রিজ সংলগ্ন খাদ্যগুদামের সামনের জমি দখল করে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়।
দীর্ঘদিন ধরে এই স্থানটি খাদ্যগুদামের চাল ও ধান লোড-আনলোডের জেটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে সেখানে দোকান নির্মাণ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে রাতের আঁধারে জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বলছেন, সরকারি কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই জায়গায় রাতারাতি দোকানঘর গড়ে ওঠা অত্যন্ত রহস্যজনক। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রশ্ন সবার চোখের সামনে এবং প্রশাসনের নাকের ডগায় এমন দখল কীভাবে সম্ভব হলো? এলাকাবাসীর আশঙ্কা, জায়গাটি দখল হয়ে গেলে ভবিষ্যতে খাদ্যগুদামের চাল ও ধান পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এতে জনস্বার্থে বড় ধরনের ক্ষতি হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, হাসান আকন, শাহাদাত, খান এমাদুল, বাবুল (ব্যাংক বাবুল) এবং তার ছেলে রকি এই দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, প্রতিটি দোকান প্রায় ৫ লক্ষ টাকার বিনিময়ে দখল দিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সোহাগ বাদশা জানান, সকালে এসে হঠাৎ দেখি খাদ্যগুদামের সামনে কয়েকটি দোকানঘর উঠানো হয়েছে। কে বা কারা এগুলো নির্মাণ করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। দীর্ঘদিন ধরে এই জমিটি সরকারি খাদ্যগুদামের কাজে ব্যবহৃত হয়ে আসছে এবং ভবিষ্যতেও খাদ্যগুদামের জন্য জমিটি গুরুত্বপূর্ণ।
আমাদের দাবি, সরকারি এই জমি যেন সরকারেরই থাকে এবং কোনোভাবেই যেন দখলদারদের হাতে না যায়। বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা।
খাদ্যগুদাম সংলগ্ন ব্যবসায়ী শাহাদাত ফিটার জানান, রাত ১২টার পর এসব ঘর তোলা হয়েছে। এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং রাতে তাদের ডিউটি থাকে। এ বিষয়ে কী ঘটেছে, তা তারাই ভালো বলতে পারবেন। তবে তিনি বলেন, এই জমিটি খাদ্যগুদামের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এলাকাবাসীর একটাই দাবি সরকারি এই জমি দ্রুত দখলমুক্ত করে আগের মতো খাদ্যগুদামের কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।
এ বিষয়ে জেলা প্রশাসক তাসলিম আক্তার জানান, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি দায়িত্বে ফিরলে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়, আর দখলমুক্ত হয় কি না গুরুত্বপূর্ণ এই সরকারি জায়গাটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও