প্রভাত বিনোদন : ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি’র নতুন ছবি ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে এবারের পর্দা উঠছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান-এর ৭৯তম আসর। আগামী ১২ মে, কানের উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী আয়োজনটি সঞ্চালনা করবেন অভিনেত্রী আই হাইদারা। একই দিনে ফ্রান্সজুড়ে প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি পাবে এই রোমান্টিক কমেডি, ফলে উৎসবের আবহ ছড়িয়ে পড়বে দেশজুড়ে।
নিজের ছবি দিয়ে উৎসবের পর্দা ওঠায় উচ্ছ্বসিত পিয়ের সালভাদোরি বলেন, ‘চলচ্চিত্রের সবকিছু উদযাপন করে কান। এই উৎসব নতুন প্রতিভা খুঁজে নেয়, তাদের সমর্থন করে এবং উদযাপন করে। আমার ছবিতে আমি আমার কাজের প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস রাখি, তার প্রতিফলন আছে এবারও। তাই কানের উদ্বোধনী ছবি হতে পারা আমার জন্য গর্বের।’
১৯২৮ সালের প্যারিসকে পটভূমি করে নির্মিত ‘লা ভেনাস ইলেকট্রিক’-এর গল্পে দেখা যাবে জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোকে, যিনি স্ত্রীর মৃত্যুর পর সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। এক রাতে মদের নেশায় তিনি স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বাস্তবে তিনি কথা বলেন সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে, যিনি খাবার চুরি করতে গিয়ে ওই জায়গায় ঢুকে পড়েন।
সুজান ধীরে ধীরে প্রতারণার আশ্রয়ে একের পর এক ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকেন, আর তাতে আঁতোয়ানের সৃষ্টিশীলতা ফিরে আসে। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে, যখন সুজান সেই মানুষটির প্রেমে পড়ে যান, যার সঙ্গে তিনি মূলত প্রতারণা করছেন। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমাউস্টিয়ার, গিলস লেলুচে, বিমলা পন্স ও গুস্তাভ কেরভার্ন। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজে, সঙ্গে ছিলেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফিন।
ফরাসি কমেডির অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে পরিচিত পিয়ের সালভাদোরি এই ছবিতে আবারও তুলে ধরেছেন তার চেনা বিষয়—মিথ্যা, দ্ব্যর্থতা ও ছদ্মবেশ। তবে এবার প্রথমবারের মতো তিনি সময়কালভিত্তিক (পিরিয়ড) গল্প নির্মাণ করেছেন, যেখানে ২০ শতকের শুরুর প্যারিসের শিল্প-সংস্কৃতির উচ্ছ্বাস, বিনোদন ও আধ্যাত্মিকতার আবহ ফুটে উঠেছে।
হলিউডের ক্লাসিক কমেডি নির্মাতা আর্নস্ট লুবিটস, বিলি ওয়াইল্ডার ও ব্লেক এডওয়ার্ডস-এর কাজ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছবিতে গল্প বলার গতি, হাস্যরস ও আবেগের এক অনন্য মিশেল তৈরি করেছেন বলে মনে করছে কান কর্তৃপক্ষ। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট। পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও সরাসরি এই আয়োজন দেখানো হবে। ১২ মে শুরু হয়ে এবারের পর্দা নামবে ২৩ মে।
সূত্র: কান উৎসবের ওয়েবসাইট