প্রভাত বিনোদন : কয়েক বছর অপেক্ষার পর কলকাতায় শুরু হল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং। বুধবার ইডেন গার্ডেন্স থেকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের শুটিং শুরু হওয়ার খবর দিলেন রাজকুমার রাও। পাশাপাশি সিনেমার নামও প্রকাশ্যে আনলেন অভিনেতা। বুধবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে দুটি ছবি শেয়ার করেছেন রাজকুমার। ক্যাপশনে অভিনেতা শুটিং শুরুর বিষয়টি জানিয়েছেন।
লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাজিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গাঙ্গুলি, তা বলার অপেক্ষায় থাকে না। সেই কারণেই সম্ভবত বায়োপিকের এমন নামকরণ।
চলতি বছরের মার্চ মাসে প্রথম লটের শুটিং শুরু কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে উজ্জ্বল নিকমের বায়োপিকের শুটিং শেষ করায় বড়সড় ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশনে’র মধ্য দিয়ে যেতে হয়েছে রাজকুমার রাওকে। সেকারণেই গত দেড় মাস শরীরচর্চার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। এবার পয়লা এপ্রিল ইডেন গার্ডেন্সে সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং শুরু করলেন রাজকুমার।
অভিনেতার পক্ষ থেকে খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতার পোস্টের মন্তব্য বাক্সে। ২০২৫ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে শুটিং লোকেশন পরিদর্শন করে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িও ঘুরে দেখেন তিনি। এছাড়াও সৌরভের ক্রিকেটে যাত্রা শুরুর দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। ওই সময়েই শোনা যায়, পূজার পর কলকাতায় এসে সৌরভের সঙ্গে দিন কয়েক সময় কাটাবেন এবং জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করবেন রাজকুমার।
কিন্তু প্রথমত, স্পোর্টস ড্রামার জন্য অভিনেতার কড়া প্রস্তুতি, আর দ্বিতীয়ত নিকম উজ্জ্বলের বায়োপিকের শুটিংয়ের জন্য সেটা সম্ভব হয়নি। ফলে, সৌরভের বায়োপিকের শুটিংও পিছোতে হয় রাজকুমারকে।