আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
জ্বালানি সাশ্রয়ে ব্যয় সংকোচনমূলক কিছু পদক্ষেপ নিল সরকার
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উদ্ভূত সংকট মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে ব্যয় সংকোচনমূলক কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত; তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ করতে হবে।
দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে। জরুরি সেবাগুলো যেমন কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে। সরকার শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল ও বাণিজ্যিক ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বিশেষ সুবিধা পাবেন।
সরকার জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে। আগামী তিন মাস সরকারি কোনো নতুন গাড়ি বা কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। সরকারি কর্মকর্তাদের বিদেশ ও অভ্যন্তরীণ ভ্রমণ, প্রশিক্ষণ ও সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ কমানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ অনিরাপদ হওয়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখা হচ্ছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.