প্রভাত রিপোর্ট: রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়াও নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। কেরানিগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকার ওই কারখানায় শনিবার বেলা পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বলেন, টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল। এর আগেও এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে কেরানিগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই ফ্যাক্টরির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানাটিতে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস।
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচ মরদেহ উদ্ধারের এ তথ্য জানান। বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, শনিবার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।