• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ময়মনসিংহ: সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। শনিবার (৪ এপ্রিল) ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি শুধুমাত্র গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের চাল-চলন, পোশাক-আশাকসহ দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি দিকই সংস্কৃতির অংশ। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং অনেক ক্ষেত্রেই তা দিশেহারা হয়ে পড়েছে। তার মতে, দেশের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে হলে নতুন করে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, দেশে কিশোর গ্যাং ও মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব রাজনৈতিক অঙ্গনেও পড়ছে। এসব সমস্যার সমাধানে সুস্থ সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, ২০০৬ সালের পর এখানে জাতীয়ভাবে এই আয়োজন হয়নি। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সংসদে উত্থাপন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ বছরের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনকে সারা দেশের জন্য একটি মডেল হিসেবে গড়ে তুলতে আকর্ষণীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা সংস্কৃতির বিভিন্ন উপাদানকে কাজে লাগাতে হবে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক অঙ্গনকে মডেল হিসেবে গড়ে তুলতে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ত্রিশালের নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রধান আলোচক উপস্থিত ছিলেন ত্রিশালের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়াসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা ত্রিশালে নজরুল স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও