• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার চায়: মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। তিনি বলেন, ঘৃণার পরিবর্তে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের আগামীর পথ চলার শক্তি। বাংলাদেশ এক দিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ।
এলজিআরডি মন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা মনে করি সবাইকে সঙ্গে নিয়েই সব কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে জানালেও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছেন, যা খুবই দুঃখজনক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও