আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
‘ইতালিতে খেললে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলত’
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৬
প্রভাত স্পোর্টস: ফুটবলের বর্তমান উদীয়মান তারকা লামিনে ইয়ামাল, যাকে ভাবা হচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। ক্লাব ও দেশের জার্সিতে মাঠে নামলেই যেন বার্সেলোনার স্প্যানিশ তারকার পেছনে ছুটতে থাকে। কিন্তু তিনি যদি ইতালিতে থাকতেন! জার্মানি ও ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় জুর্গেন ক্লিন্সমানের মতে, ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে হতো তাকে।
ইতালির ফুটবলে এখন কেবল অধঃপতনের গল্প। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ তারা। কঠিন সময় চলছে দেশটির ফুটবলে। এর জন্য নেতৃত্ব, কারিগরি দক্ষতা ও তরুণদের ওপর আস্থার প্রভাবকে দায়ী করলেন ক্লিন্সমান। তিনি বলেন, ‘নেতৃত্ব, শক্তিশালী কৌশলি খেলোয়াড় ও তরুণ প্রতিভার ওপর আস্থার অভাবের খেসারত দিচ্ছে তারা। ইতালিতে লামিনে ইয়ামাল ও মুসিয়ালা থাকলে অভিজ্ঞতা অর্জনের জন্য তারা সম্ভবত সিরি বি খেলত।’
ইতালিয়ান ফুটবলের গভীরতর কাঠামোগত সমস্যাগুলোও তুলে ধরেছেন ক্লিন্সমান। তার মতে, অনেক কোচই এখন জয়ের চেয়ে হার এড়ানোর দিকে বেশি মনোযোগী। তিনি বললেন, ‘কৌশলগত সংস্কৃতি একটি বাধা। অনেক কোচ, এমনকি আজও, কাজ করে যে কোনো মূল্যে জয়ের চেয়ে না হারার উদ্দেশ্য নিয়ে। আর তারই ফলাফল হচ্ছে এগুলো।’
ইতালির বিশ্বকাপ ব্যর্থতায় ইতোমধ্যে ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচ সরে দাঁড়িয়েছেন। নতুন শুরুর লক্ষ্য তাদের। শেষ পর্যন্ত এই হতাশার বৃত্ত থেকে তারা বের হতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.