প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যার ঘটনায় আসামির জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমান পাওয়া গেছে। এমতাবস্থায়, মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে (অব.) এ মামলায় গ্রেফতার দেখানোসহ নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন। শুনানিতে আসামি পক্ষের কোনও আইনজীবী ছিল না। এর আগে, সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ঢাকার পল্টন মডেল থানায় করা আরেক মামলায় তাকে তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানো হয়। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে গত ২৯ মার্চ আবার দ্বিতীয় দফায় তার ছয় দিনের রিমান্ড দেওয়া হয়। সর্বশেষ গত ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।