• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

তাপপ্রবাহ : আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না

প্রভাত রিপোর্ট / ৬২ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন থেকে আদালত চলাকালীন তাদের আর কালো কোট ও গাউন পরিধান করতে হবে না। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা ৭ এপ্রিল মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে অবস্থান করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় এই মানবিক পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও