প্রভাত ডেস্ক: কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন এনএএসিপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে তাকে ক্ষমতা থেকে হটানোর আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ১৯০৯ সালে এনএএসিপি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিলো ।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এনিয়ে একটি কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।
ডেরিক জনসন আরও বলেছেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।
এ ছাড়া এনএএসিপি’র প্রেসিডেন্ট বলেছেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা-প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে অফিস থেকে (ক্ষমতা থেকে) সরিয়ে দিতে হবে বলে আহ্বান জানান ডেরিক জনসন।