আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় এক নারীকে হত্যা করা হয়েছে। ডাকাত দল টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার (৫৫) স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান একটি কারখানায় এবং তাঁর ছেলে নাজমুল সাকিব স্থানীয় একটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে।
ডাকাতদের বাধা দিতে গেলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তারা বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাস রোধ করে হত্যা করেছে ডাকাতেরা।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.