প্রভাত রিপোর্ট: কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট তা বোঝা মুশকিল বলে বিস্ময় প্রকাশ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক না এই বিতর্ক রয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ-এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফরম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ড. দেবপ্রিয় বলেন, ‘‘আমার এলাকার সাংবাদিক নাকি ফার্মাসিস্ট বোঝা মুশকিল হয়ে যায়। ওষুধের দোকান চালান, সময় পেলে কোচিংও করান। তিনি আবার সাংবাদিকও পরিচয় দেন।’’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা দলীয় হবেন না, মূল্যবোধের ভিত্তিতে কথা বলবেন। কথা বলার মাধ্যম হলো গবেষণা, গণমাধ্যম, সংবাদপত্র, নাটক, সংস্কৃতি ইত্যাদি বিষয়।’’