আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফতুল্লার এনায়েত নগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলি
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় একজন গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। তারা হলেন গুলিবিদ্ধ রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)।
স্থানীয়রা জানান, চাঁদনি হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’নামের একটি পোশাক কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় অভি-মনির অনুসারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং গুলি করে। এতে রাকিব গুলিবিদ্ধ এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।
সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের বাহিনীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আহত রাকিব এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে। স্থানীয়রা তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এদিকে সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এনায়েত নগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০ জন হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তাদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়েস্টেজ মালামাল নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.