প্রভাত রিপোর্ট: জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র হলো একটি আস্থার জায়গা, যেখানে সরকারি ও বিরোধী দল একে অপরকে বিশ্বাস করবে। রবিবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেলের শপথ অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, তা আপনাদের সংসদ এবং সংসদের বাইরে পালন করতে হবে। আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে বলেছেন-আপনারা জনগণের কল্যাণে কাজ করবেন এবং কোনো সমস্যা হলে প্রশাসনের দ্বারস্থ হবেন, তবে আইন কেউ হাতে তুলে নেবেন না।
জ্বালানি সংকট নিরসন প্রসঙ্গে নূরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী জ্বালানি সমস্যা সমাধানে ভর্তুকির ওপর আরও ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে। বর্তমান প্রধানমন্ত্রী চান টাকা পাচার না হয়ে মানুষের কল্যাণে কাজে লাগুক।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিফ হুইপ বলেন, সংসদ চলাকালীন শেরপুরে একজন জামায়াত কর্মী নিহতের ভুয়া তথ্য দিয়ে বিরোধী দলের এক সদস্য সংসদে বক্তব্য দেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি আগামী অধিবেশনে ওই বক্তব্যটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করব। যাচাই না করে এমন মিথ্যা তথ্য দেওয়া দুঃখজনক।
সংসদীয় কার্যক্রমের সাফল্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাত্র ৫ দিনে ১১৭টি বিল পাস করার নজিরবিহীন রেকর্ড গড়া হয়েছে। আমরা সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ যাচাই করেছি। এর মধ্যে ১৬টি অধ্যাদেশ সংশোধনের জন্য রাখা হয়েছে এবং ১১৭টি পাস হয়েছে। এর জন্য সংসদ সচিবালয় ও বিজি প্রেসের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছেন। এত পরিশ্রমের পরও বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট নিয়ে হতাশা ব্যক্ত করে চিফ হুইপ বলেন, ছোট দুটি সংশোধনী নিয়ে তাদের ওয়াকআউট করাটা ছিল ঠুনকো বিষয়। তবে ওয়াকআউট গণতন্ত্রের অংশ, এটা তাদের অধিকার।
জুলাই অভ্যুত্থান স্মরণে ‘জুলাই জাদুঘর’ নির্মাণের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সব ইতিহাসকে আমরা এই জাদুঘরে জীবন্ত করে রাখতে চাই। এখানে মন্ত্রীর সম্পৃক্ততা থাকলে কাজের গতি বাড়বে।