প্রভাত সংবাদদাতা, খুলনা : খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মো. সোনা মিয়া (৩৮) নামে এক তাঁতী দল নেতা নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোনা মিয়া জাতীয়তাবাদী তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো ধারালো অস্ত্র দিয়ে সোনা মিয়ার ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জব্বার সরদার।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘রাতে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর রবিবার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনার কারণ জানা যায়নি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’