আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বগুড়ার শাজাহানপুরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে গেছে। অল্পের জন্য যাত্রীরা বেঁচে গেছেন। শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররা জানান, রবিবার সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস রবিবার সকাল ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। চালক দ্রুত বাস থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যান।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে আসেন। আধ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসের সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা পেয়েছে।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মাঝিরা সি-ব্লক এলাকায় হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন ধরার খবর পেয়ে টিম নিয়ে তিনি ঘটনাস্থলে যান। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারিতে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছিল।
এসআই আবু জাররা বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাস থামান। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির কিছু অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
Copyright © 2026 প্রভাত. All rights reserved.