আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাংগ্রাই জলকেলি উৎসবে মেতেছে রাঙামাটি
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা,রাঙামাটি: রাঙামাটিতে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। বুধবার (১৫ এপ্রিল) কাপ্তাই উপজেলার চিংম্র বৌদ্ধ বিহার মাঠে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে ঘিরে পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জলকেলি উৎসবে অংশ নেওয়া মারমা তরুণ-তরুনীরা একে অপরকে জল ছিটিয়ে উল্লাসে মেতে উঠে। জল ছিটানোর মধ্য দিয়ে পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট, জীর্নতা ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেন তারা।
সকাল থেকে চিংম্র বৌদ্ধ বিহার মাঠে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। রাঙামাটিতে এটাই ছিল এবারের প্রথম জলকেলি উৎসব। জলকেলি উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংহাই, চাংক্রান ও পাতা ১২ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হয়। এর পরদিন ১৫ এপ্রিল থেকে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, জলকেলি উৎসব মারমা সম্প্রদায়ের একটি প্রধান উৎসব এবং এই উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে । পাশাপাশি তিনি সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে সর্ববৃহৎ সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে এবারের নববর্ষ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.