আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৬
প্রভাত বিনোদন: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন কোটি ভক্ত। পরিচালক অ্যাটলির বিগ বাজেটের ছবি রাকা ঘিরে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই ছড়িয়ে পড়ে গুঞ্জন। দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন কি দীপিকা। অবশেষে সেই ধোঁয়াশা কাটাল নির্মাতারা।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাকা নির্মাতারা জানিয়েছেন, সবকিছু আগের পরিকল্পনা মাফিক চলছে। দীপিকা পাড়ুকোন ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। তার থাকা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজের প্রতি বিন্দুমাত্র ছাড় দেননি এই বলিউড কুইন। এই অবস্থায়ই তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং শেষ করেছেন। তবে সেটে তার ও অনাগত সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
প্রথম সন্তান দুয়ার পর দীপিকা ও রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় অতিথিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়েও কাজের প্রতি দীপিকার এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি।
সান পিকচার্সের প্রযোজনায় রাকা মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী লুকে পর্দার পুষ্পাকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আর সেখানে দীপিকার উপস্থিতি ছবিটিতে যোগ করবে এক অনন্য মাত্রা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.