আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, অপরাধ দমনে রাজধানীজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মোহাম্মদপুরের বছিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব তথ্য জানান।
মো. সরওয়ার বলেন, বছিলা এলাকায় সরকারিভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ অচিরেই শুরু হবে। গুলশান বনানী এলাকায় আগে থেকেই ১৩০০ সিসি ক্যামেরা লাগানো আছে। যার কারণে ওই এলাকায় অপরাধ কম।
মো. সরওয়ার বলেন, মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হওয়ায় এখানে আমরা আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবো। এরই মধ্যে যে ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে। তিনি বলেন, বছিলা বা মোহাম্মদপুর এলাকার অপরাধী যারা আছে তাদের তালিকা আমাদের কাছে আছে। এই তালিকা আমরা এনালাইসিস (বিশ্লেষণ) করবো। এনালাইসিস করবো এইভাবে যে, এখানে বৈধ ইনকামের বাইরে যদি কেউ থাকে, এই অবৈধ ইনকামের প্রত্যেককে আমরা এনালাইসিস করবো, তারা কি করে, কি না করে। প্রয়োজন হলে তাদের ধরবো।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.