আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৬
প্রভাত বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। পাশাপাশি সভাপতি পদে কে থাকবেন, সেটিও তখন জানানো হবে।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, তাদের প্যানেল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তফসিল ঘোষণার পরপরই তারকানির্ভর এই প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ অভিনেতা বলেন, আমি বিগত আট বছর ধরে সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, আমরা জায়গা থেকে শিল্পীদের সেবা করার চেষ্টা করেছি। তাই এবার আমার সিনিয়র-জুনিয়র তারকাদের অনুরোধেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। তিনি আরও বলেন, এবার এমন কিছু ইস্তেহার আমরা দিব, যা সত্যিকারেই পূরণ করতে পারবো। কোনো মিথ্যা স্বপ্ন দেখাবো না। আর আমাদের প্যানেলে তারাই থাকবেন, যারা শিল্পীদের কল্যাণে কাজ করবেন। আমরা চলচ্চিত্রের সংকট কাটিয়ে উঠতে সমিতিকে কার্যকরী ভূমিকায় নিতে যেতে চাই।
জয় বলেন, কোনো মিথ্যা আশ্বাস বা স্বপ্ন দিয়ে আমি আমার সদস্যদের বিভ্রান্ত করতে চাই না। আশা করা যায়, সামনের মাসের প্রথম সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হবে। তার আগেই আমার বিস্তারিত সবাইকে জানাবো, আর আমাদের প্যানেলের চমকগুলোও শিল্পীদের সামনে তুলে ধরবো। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একাধিকবার বিভিন্ন পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.