আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পিএসএলে বাকি মৌসুমের জন্য মোস্তাফিজ-নাহিদকে অনাপত্তিপত্র দেয়া হবে না জানালো বিসিবি
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৬
প্রভাত স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েছেন দুজনেই। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। গতকাল শেষ ম্যাচে ৫ উইকেটে নেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তাঁদের কাউকেই রাখা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে পিএসএল ছেড়ে দেশে ফেরেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। টি-টুয়েন্টি সিরিজে যেহেতু তাঁরা বাংলাদেশ দলে নেই, তাহলে কি তাঁরা আবার ফিরে যাবেন পিএসএলে? কাল রাতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ ও নাহিদের। পিএসএলে বাকি মৌসুমের জন্য তাঁদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।
দুজনের কারণ অবশ্য ভিন্ন। হাঁটুতে অস্বস্তি বোধ করায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামেননি মোস্তাফিজ, ছিলেন না দ্বিতীয় ম্যাচেও। তৃতীয় ওয়ানডেতে খেলার পর পর্যবেক্ষণ করা হচ্ছে মোস্তাফিজের শারীরিক অবস্থা, করা হবে একটি স্ক্যানও। এরপর বিসিবির মেডিক্যাল বিভাগের তত্ত্বাবধানে একটি পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়েও যেতে হবে মোস্তাফিজকে।
শুরুতে ওয়ানডে সিরিজের পর পিএসএলে ফেরার কথা থাকলেও তাই এখন আর যাচ্ছেন না মোস্তাফিজ। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ মে পর্যন্ত চলবে তাঁর এই পুনর্বাসন প্রক্রিয়া। এ কারণে ঢাকা প্রিমিয়ার লিগেও এখনো কোনো দলে নাম লেখাননি মোস্তাফিজ।
নাহিদ রানাও বিশ্রামে থাকবেন এ সময়ে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার জেতা এই পেসার আপাতত টেস্টের প্রস্তুতি নেবেন।
এবারের পিএসএলেই প্রথমবারের মতো দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ওভারপ্রতি ৫.৪২ গড়ে রান দিয়ে ৭ উইকেট নেন নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে মোস্তাফিজ পান ৬ উইকেট।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.