আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
‘মালিকপক্ষের মামলার কারণে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা যাচ্ছে না’
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট : সাংবাদিকদের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকদের কল্যাণে এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করা প্রয়োজন। বর্তমানে নবম ওয়েজ বোর্ড চলমান থাকলেও মালিকপক্ষের মামলার কারণে এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হতে পারছে না। সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্র ভালো থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এছাড়া অন্য হুইপরাও উপস্থিত ছিলেন।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমকে ইতিপূর্বেই শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে এটি এখনও পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। শিল্পের যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক।
হুইপ দুলু জানান, সরকারি কর্মকর্তারা যেভাবে নিয়মিত বেতন ও সুযোগ-সুবিধা পান, সাংবাদিকদের জন্যও সেই মানের বেতন কাঠামো এবং সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা উচিত। আমি সবসময় সাংবাদিকদের আপন মানুষ হিসেবে বিবেচনা করি। কোনও সাংবাদিক শেষ জীবনে অর্থকষ্টে বা বিনাচিকিৎসায় মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করুক এটা আমরা চাই না। এ সময় তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং নবীন সাংবাদিকদের অভিজ্ঞ অগ্রজদের অনুসরণ করে সংসদীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যা মাইলফলক হয়ে থাকবে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া সাংবাদিকদের কার্যালয় সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.