আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
প্রভাত স্পোর্টস: ভিনসেন্ত কোম্পানির প্রভাবেই মূলত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে তারা। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হবে প্রধান কোচকে ছাড়া। সবশেষ ১৭ ম্যাচের ১৬টি জেতা বায়ার্নকে চলতি মৌসুমের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজির মাঠে। প্রধান কোচ কোম্পানি নিষিদ্ধ থাকায় সহকারী অ্যারন ডাঙ্কস ডাগআউটের দায়িত্বে থাকবেন, যিনি কেবল দুটি প্রিমিয়ার লিগ ম্যাচের প্রধান কোচ ছিলেন।
কোম্পানি ডাগআউটে না থাকলেও এই দলের ওপর আস্থা রাখছেন, ‘ডাঙ্কসির অভিজ্ঞতা অনেক, ইংল্যান্ডের কিছু ম্যাচে টাচলাইনে ছিলেন। স্টাফ ও অন্য সবার ওপর আমার শতভাগ আস্থা আছে।’
প্যারিসের উদ্দেশ্যে বায়ার্ন দেশ ছাড়ার আগে সোমবার অনুশীলনে ছিলেন কোম্পানি। কিন্তু আজ পার্ক দে প্রিন্সেসে দলের লকার রুম ও বেঞ্চে থাকতে পারবেন না।
কোম্পানি হোসে মরিনহোর ২০০৫ সালের কুখ্যাত সেই কাণ্ডের পুনরাবৃত্তি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, যখন চেলসির খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য পর্তুগিজ কোচ লকার রুমে ঢুকতে ওয়াশিং বাস্কেটে লুকিয়ে ছিলেন। তিনি বললেন, ‘আমি ১.৯২ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) লম্বা। আমি ওয়াশিং বাস্কেটে ঢোকার মতো উপযুক্ত নই।’
হ্যারি কেইন কোম্পানির অনুপস্থিতি অনুভব করবেন, ‘আমরা তাকে টাচলাইনে মিস করব। তিনি আমাদের বস, একজন কোচ, যিনি আমাদের সঙ্গে সেখানে থাকতে ভালোবাসতেন।’
কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয়ের ম্যাচে বায়ার্ন ডিফেন্ডার জোসিপ স্তানিসিচকে কড়া ট্যাকলের পরও মাদ্রিদকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ায় রেফারির সঙ্গে তর্ক করে কার্ড দেখেন কোম্পানি। ওই আক্রমণ থেকে গোল করে রিয়াল। চলতি মৌসুমে বায়ার্নের ১২তম ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখেন কোম্পানি। বর্তমানে ম্যাচের আধিক্য থাকায় এই নিয়ম উয়েফাকে শিথিলের দাবি জানান তিনি।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.