আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ পেছালো
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় হওয়া হত্যাসহ মোট সাত মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিনের আদেশ পিছিয়েছে। জামিন আদেশের জন্য নতুন করে ১১ মে দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে, গত ২১ এপ্রিল হত্যাসহ সাত মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.