আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছিটকে পড়ে বেঁচে গেলো কোলে থাকা সন্তান
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা,রাজবাড়ী : রাজবাড়ীতে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে খাদ্য সামগ্রী কিনতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রাঘাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় বজ্রাঘাতে সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশু সাফিয়া প্রাণে বেঁচে গেছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারের শোকের মাঝে শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক মনে করছেন স্থানীয়রা।
মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.