• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গতকাল মঙ্গলবার বলেছেন, তাঁদের মধ্যে বেশ ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে। এটা ছিল দুই নেতার প্রথম সামনাসামনি সাক্ষাৎ। বিশ্লেষকদের অনেকের ধারণা ছিল, ট্রাম্প ও পেত্রোর সাক্ষাৎ হয়তো খুব একটা যুতসই হবে না। কেননা, কয়েক মাস ধরে তাঁরা একে অপরকে কটাক্ষ করে চলছিলেন। আদর্শগতভাবে একেবারে ভিন্ন মেরুতে অবস্থান এ দুই নেতার। তবে বিশ্লেষকদের এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠক করেন ট্রাম্প–পেত্রো। তবে অন্যান্য বিদেশি নেতার মতো আনুষ্ঠানিক জাঁকজমক দেখা যায়নি পেত্রোর এ সফরে। প্রায় দুই ঘণ্টার বৈঠকে সাংবাদিকদেরও থাকতে দেওয়া হয়নি। পরে ট্রাম্প ও পেত্রো সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার প্রেসিডেন্টদের কেউই নিশ্চিত করেননি যে হোয়াইট হাউসের বৈঠকে তাঁদের মধ্যে কোনো নির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়েছে কি না। তবে দুজনই বৈঠক নিয়ে ইতিবাচক কথা বলেছেন।
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা মাদকের প্রবাহ ঠেকাতে কোনো সমঝোতায় পৌঁছা গেছে কি না। জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাঁরা দুই নেতা কাজ করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করেছি। আমরা এটা নিয়ে কাজ করেছি এবং আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে।’ এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘তিনি (পেত্রো) আর আমি ঠিক ভালো বন্ধুর মতো ছিলাম না। কিন্তু আমি অপমানিত বোধ করিনি। কারণ, আমি এর আগে কখনোই তাঁর সঙ্গে দেখা করিনি। আমি তাঁকে চিনতামই না।’
বৈঠকের পর পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে হাতে লেখা একটি নোট দেখা গেছে। তাতে লেখা, ‘গুস্তাভো—এটা একটি বড় সম্মান। আমি কলম্বিয়াকে ভালোবাসি।’ এটাকে ট্রাম্পের হাতের লেখা বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে পোস্টে দুই নেতার হাত মেলানো ও হাসিমুখে দাঁড়িয়ে থাকার ছবিও যুক্ত করা হয়েছে।
কলম্বিয়ার রেডিও স্টেশন কারাকোলকে দেওয়া সাক্ষাৎকারে পেত্রো বলেন, ‘সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আমি যেসব বিষয়কে আমার ভাবনার সঙ্গে সাংঘর্ষিক বা বিরোধপূর্ণ বলে মনে করতাম, বাস্তবে সেখানে সেগুলো দেখিনি। আমার মনে হয়েছে, সেসব মতবিরোধ তাঁর (ট্রাম্প) চেয়ে অন্য কর্মকর্তাদের সঙ্গে বেশি ছিল।’
পেত্রো আরও বলেন, কলম্বিয়ার বাইরে বসবাসকারী বড়সড় মাদক পাচারকারীদের ধরার বিষয়ে সহায়তা করতে তিনি মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, প্রতিবেশী দেশ ইকুয়েডরের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন মেটাতে মধ্যস্থতার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পেত্রোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প এ বিষয়ে নোবোয়াকে ফোন করতে রাজি হয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাসে সামরিক অভিযান চালিয়ে নিউইয়র্কে তুলে নেওয়ার পর ট্রাম্প–পেত্রোর মধ্যে বিরোধ চরমে ওঠে। পেত্রোকে উদ্দেশ করে দেওয়া ‘আক্রমণাত্মক’ বক্তব্যে ট্রাম্প বলেন, পেত্রো ‘একজন অসুস্থ মানুষ। তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে’ পছন্দ করেন। এমনকি পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি।
ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দেন পেত্রো। কারাকাসে মার্কিন সামরিক ‘আগ্রাসনের’ সমালোচনা করে তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে, তা নিন্দনীয়। তাঁর দেশে এমন কাজ করলে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও