মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এবং আলো পাঠাগারের যৌথ উদ্যোগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাহিম উদ্দীন। এতে আরও অংশ নেন বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের সভাপতি কবি ও সাংবাদিক মো. আরফান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, সাংবাদিক মো. রেজাউল করিমসহ বিভিন্ন পাঠাগারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় কবি মো. আরফান আলীসহ অন্যান্য বক্তারা বলেন, বই শুধু জ্ঞানের উৎস নয়, এটি চিন্তার স্বাধীনতা ও সৃজনশীলতার শক্তি। লেখকের শ্রম ও মেধার প্রতি সম্মান জানিয়ে গ্রন্থস্বত্ব রক্ষার ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি সব বয়সের মানুষকে পাঠাগারে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।