প্রভাত স্পোর্টস: মাঠের বাইরে থেকে ক্রিকেটীয় সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোচরা। আড়ালের সেসব কৌশল ও সৃজনশীল পদক্ষেপ দলের অভ্যন্তরেই সীমাবদ্ধ, সেভাবে সামনে আসত না। কিন্তু বর্তমানে কিছু কিছু কৌশল নজর এড়ায় না ক্যামেরা থেকে শুরু করে ক্রিকেটসংশ্লিষ্টদের। যেমন সম্প্রতি একটি ম্যাচে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে ড্রেসিংরুমে ওয়াকিটকি হাতে কথা বলতে দেখা গিয়েছিল। বিতর্কের মাঝে বিষয়টির ব্যাখ্যা দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক জস বাটলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংলিশদের প্রায় হারিয়েই বসেছিল এশিয়ান দেশটি। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেপাল ১৮০ রানে থেমে হতাশা নিয়ে ফেরে। তবে কাঁপিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। সেদিন ড্রেসিংরুম থেকে ওয়াকিটকির মাধ্যমে ম্যাককালামকে বার্তা পাঠাতে দেখা যায়। পরে সেই বার্তা ফিল্ডিংরত ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের কাছে পৌঁছানো হয় সীমানার কাছে ডাগআউটের পাশে দাঁড়িয়ে।
সাধারণত ক্রিকেটারদের বার্তা পাঠানোর জন্য কোচরা সীমানার পাশে দাঁড়িয়ে কিংবা পানি-পানের বিরতির সময় মাঠে নেমে যেতে দেখা যায়। আবার স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারদের মাধ্যমেও খাবার কিংবা অন্য কোনো প্রয়োজনীয় বস্তু পৌঁছে দি গিয়ে বার্তা দেওয়ার রীতি আছে। কিন্তু ম্যাককালামের ওয়াকিটকি ব্যবহার কিছুটা কৌতুহল তৈরি করেছে, চলছে বিতর্কও। অবশ্য এর আগেও সাবেক এই নিউজিল্যান্ড তারকাকে ড্রেসিংরুমে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গিয়েছিল। বিতর্কের মাঝে এর ব্যাখ্যা এসেছে ইংলিশ তারকা বাটলারের কাছ থেকে।
এই উইকেটরক্ষক জানিয়েছেন, ‘অল্প সময়ের জন্য মূলত ওয়াকিটকি ব্যবহার করা হয়েছে। তিনি (ম্যাককালাম) বেঞ্চে থাকা ব্যক্তিদের কিছু বার্তা পাঠিয়েছেন, যা তিনি মাঠের বাইরে থেকে দেখে ভেবেছেন সেসব তথ্য হ্যারি এবং বোলারদের কাজে লাগতে পারে। এটি আমাদের পারস্পরিক যোগাযোগেরই একটি দৃষ্টান্ত। সবসময়ই আমাদের মাঝে খুব ভালো যোগাযোগ ছিল। বাজ (ম্যাককালামের ডাক নাম) পা ওপরে তুলে সানগ্লাস পরে বসে থাকতে পারেন এবং খুব স্বাচ্ছন্দ্যে থাকেন। কিন্তু যত কোচের সঙ্গে আমি কাজ করেছি, তাদের মতো তিনিও ততটাই ক্ষুরধার। কোনো কিছু মিস করেন না তিনি।’
এরপর আইপিএল–সহ অন্য খেলার উদাহরণ টেনে বাটলার বলেন, ‘আমি আইপিএলে গুজরাটে (টাইটান্স) খেলেছি, (দলটির কোচ) আশিস নেহরা সীমানা দড়ির কাছে খুব সক্রিয় থাকেন। ক্রিকেট এমন এক ধরনের খেলা, যেখানে (এক্ষেত্রে) আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। আপনি অন্যান্য খেলার দিকে তাকান, যেমন– রাগবি, এরকম সব খেলাতেই ম্যানেজার ও কোচরা ম্যাচের সময় বার্তা দেয়। হয়তো আগামীতে ক্রিকেটেও এটা আরও বেশি করে আসবে।’