প্রভাত স্পোর্টস: ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার আগে সৌদি প্রো লিগের খবর রাখতেন কয়জন? ঠিক এমন প্রশ্নই তুলেছেন জার্মানি ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস। বরং বলতে পারেন, ক্রুস আরেকটু বেশি নির্মোহ। তাঁর সোজাসাপটা কথা, রোনালদো যাওয়ার আগে এটার নামও শোনেনি কেউ! এ কথা শুনে আপনি পাল্টা প্রশ্ন তুলতে পারেন, ক্রুস হঠাৎ কেন সৌদি লিগ নিয়ে পড়লেন? উত্তরটা জড়িয়ে রোনালদো ও সৌদি লিগের মধ্যে চলমান সমস্যায়।
আল নাসরের সর্বশেষ দুই ম্যাচে খেলেননি পর্তুগিজ তারকা। কারণ? সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর তাঁর অসন্তোষ। রোনালদোর আল নাসর ছাড়াও পিআইএফের মালিকানায় আছে সৌদি আরবের আরও তিনটি ক্লাব—আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি।
রোনালদো মনে করেন, দলবদলের বাজারে আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে পিআইএফ। কয়েক দিন আগেই যেমন আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে আল হিলালে যোগদানের বিষয়টি অনুমোদন করেছে তারা।
রোনালদো এমন বিদ্রোহী হয়ে ওঠার পর তাঁকে একটু কড়া ভাষায় বকেও দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। তাদের বিবৃতি, ‘সৌদি প্রো লিগের কাঠামো খুবই স্পষ্ট। প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হয়…তবে কোনো ব্যক্তি—তিনি যত বড় তারকাই হন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।’ হোক না কোনো দেশের শীর্ষ লিগ, সাবেক ক্লাব সতীর্থের সঙ্গে এমন ব্যবহার ক্রুসের সম্ভবত ভালো লাগেনি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’ জানিয়েছে, নিজের পডকাস্টে ক্রুস বলেছেন, ‘সৌদি লিগ বেশ অদ্ভুত। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার আগে কেউ এটার নাম শোনেনি। আর এখন তারা সেই মানুষটাকে অসম্মান করছে যে তাদের ফুটবল মানচিত্রে নিয়ে এসেছে। ক্রিস্টিয়ানো আগামীকাল চলে গেলে এই লিগ তার আকর্ষণ হারাবে। রোনালদো না থাকলে কেউ সৌদি লিগ দেখবে না।’
বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার ক্রুস রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। চার বছরের সেই মেলবন্ধনে রিয়ালের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ১৭০ ম্যাচ। ১৬টি গোলে অংশ ছিল দুজনেরই। সব মিলিয়ে মাঠে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন ১৪০০৯ মিনিট। টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি জিতেছেন লা লিগাও।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, রোনালদো আল নাসরের অনুশীলনে ফিরেছেন। আগামীকাল এএফসি চ্যাম্পিয়নস লিগ টুতে তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগের মুখোমুখি হবে আল নাসর। রোনালদো এই ম্যাচে খেলবেন না। ১৪ ফেব্রুয়ারি সৌদি লিগে আল ফাতেহর বিপক্ষে তাঁর ফেরার আশায় আল নাসর।
রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৭ সালের জুনে। সৌদি প্রো লিগে এবারের মৌসুমে ১৮ ম্যাচে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতাও ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাঁর রিলিজ ক্লজ ৪ কোটি ৩০ লাখ পাউন্ড। গুঞ্জন আছে, সামনের গ্রীষ্মকালীন দলবদলে আল নাসর ছাড়তে পারেন রোনালদো। ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে যোগ দিতে পারেন। আল নাসরে তাঁর দৈনিক আয় ৪ লাখ পাউন্ড (প্রায় ৬ কোটি ৬৬ লাখ টাকা)।