প্রভাত স্পোর্টস: ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলেন ক্যারিক। তবে টানা জয়ের ধারায় এবার ছেদ পড়লেও শেষ মুহূর্তের গোল অন্তত এক পয়েন্ট এনে দিয়েছে ইউনাইটেডকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। বিরতির পাঁচ মিনিট পর লুক শ’ ডুয়েল জিততে ব্যর্থ হলে সুযোগ নেন চেক মিডফিল্ডার তোমাস সাউচেক। কোবি মাইনুর নজর এড়িয়ে নিকট পোস্টে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি। নুনো এসপিরিতো সান্তোর দল তখন টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের পথে এগোচ্ছিল।
প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডই এগিয়ে যাওয়ার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। কর্নার থেকে লুক শ’র কাছ থেকে পাওয়া বলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন অ্যারন ওয়ান-বিসাকা। পরে কাসেমিরো হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ফল মেলে। বদলি হিসেবে নামা গ্রীষ্মকালীন সাইনিং বেঞ্জামিন সেস্কো দ্রুতগতির আক্রমণ থেকে জোরালো শটে ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করেন।