প্রভাত স্পোর্টস: চলতি মৌসুমে চার-চারটি শিরোপা জেতার সুযোগ আছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সামনে। আর এই শিরোপা-ভাগ্য নির্ধারণে এক মাসের মধ্যেই দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে সর্বোচ্চ পাঁচবার! ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে রোমাঞ্চকর খবর আর কী হতে পারে!
আর্সেনাল ও ম্যান সিটির সামনে এখন চারটি ট্রফির হাতছানি—প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও কারাবাও কাপ। এই ট্রফিগুলো কার শোকেসে যাবে, তা অনেকটাই ঠিক করে দিতে পারে তাদের নিজেদের মধ্যকার এই লড়াইগুলো।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং আর্সেনালের কোচ মিকেল আরতেতার রসায়নটা বেশ পুরোনো। একসময় গার্দিওলার সহকারী হিসেবে সিটির ডাগআউটে বসতেন আরতেতা। এরপর তিনি যোগ দেন আর্সেনালে, বদলে দেন গানারদের ভাগ্য। সাম্প্রতিক বছরগুলোতে গুরু গার্দিওলাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরই এই শিষ্য।
আর্সেনালকে, তবে এবার রাশটা আরতেতার হাতেই। ছন্দ ধরে রাখতে পারলে দুই দশক পর প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা ঘরে তুলতে পারে উত্তর লন্ডনের ক্লাবটি। লিগ টেবিলে সিটির চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। ২০০৪ সালের পর আবার লিগ জেতার স্বপ্ন দেখছেন গানার সমর্থকেরা। তবে এবারও তাদের পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে ম্যান সিটি। ইতিহাদের ক্লাবটির বিপক্ষে সামনে থাকা ৫টি ম্যাচই হয়ে উঠতে পারে ভাগ্যনির্ধারক।
গত সপ্তাহে লিগ কাপ বা কারাবাও কাপের ফাইনালে উঠেছে সিটি ও আর্সেনাল। সেমিফাইনালে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডকে অনায়াসেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। তবে কারাবাও কাপের ফাইনালের আগেই এই দুই দল মুখোমুখি হতে পারে এফএ কাপে। ৭ বা ৮ মার্চ হতে পারে এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলা। তার আগে চতুর্থ রাউন্ডে সিটির প্রতিপক্ষ সালফোর্ড সিটি এবং আর্সেনাল খেলবে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে। নিজেদের ম্যাচে জয় পেলে পঞ্চম রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে গার্দিওলা-আরতেতার। সেখানে দেখা না হলেও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে তাঁদের মুখোমুখি হওয়াটা সময়ের ব্যাপারমাত্র।
চ্যাম্পিয়নস লিগেও দুই দলের দেখা হওয়ার জোরালো সম্ভাবনা আছে। দুই দলই দারুণ খেলে পরের রাউন্ড নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে যদি ভাগ্য তাদের একে অপরের সামনে দাঁড় করিয়ে দেয়, তবে ৭ বা ৮ এপ্রিল এবং ১৪ বা ১৫ এপ্রিল হবে সেই মহারণ। ঠিক এর কয়েক দিন পরই—অর্থাৎ, ১৮ এপ্রিল প্রিমিয়ার লিগে সিটির মাঠে খেলতে যাবে আর্সেনাল। এই ম্যাচই হতে পারে চলতি লিগের অলিখিত ফাইনাল। অর্থাৎ, সব হিসাব মিললে ২২ মার্চ থেকে ২২ এপ্রিলের মধ্যে ফুটবল–বিশ্ব অন্তত পাঁচবার উপভোগ করতে পারে সিটি বনাম আর্সেনাল যুদ্ধ।
এ প্রসঙ্গে ম্যান সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এমনটা হতেই পারে। চ্যাম্পিয়নস লিগে কী হবে জানি না, তবে লিগের সূচি তো জানাই আছে। মৌসুমের শেষ দিকে ভালো দলগুলোর বিপক্ষে খেলাটা আমি পছন্দ করি, বিশেষ করে সেটা যখন ফাইনাল হয়।’
বর্তমানে আর্সেনাল ইউরোপের অন্যতম সেরা ছন্দে থাকা দল। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে তারা, লিগেও ২৪ ম্যাচের ২১টিতেই জয়। তবে মৌসুমটা যদি সত্যিই ‘ঐতিহাসিক’ করতে হয়, তবে গার্দিওলার নীল বাহিনীর বাধা টপকাতেই হবে আরতেতার শিষ্যদের।