• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

জাহাঙ্গীর আলম,কাপাসিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শুরু থেকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ঘাগটিয়া চালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন। তিনিও বিপুল ভোটে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে। তবে পুরোনো ভোটার তালিকা দিয়ে ভোট নেওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর না থাকলেও প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। ফলাফল যাই হোক, তা মেনে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মো. সালাহউদ্দিন আইউবী সকাল সাড়ে সাতটায় নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভোর ছয়টা থেকে ভোটাররা কেন্দ্রে ভিড় করতে থাকেন। অল্প সময়ের মধ্যেই কেন্দ্র কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার প্রতীকের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ভোটের আগের দিন বিকেলে কয়েকটি কেন্দ্রে বিএনপির স্থানীয় কিছু কর্মী-সমর্থক হটকারিতার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আইউবী।যদিও সেই চেষ্টা সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, আজ শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। ফলাফল যাই হোক, তা বিনা সংকোচে মেনে নেবেন বলেও জানান তিনি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শফিউল্লাহ মিঠু সকাল সাড়ে ৯টায় নিজ এলাকা খিরাটি সাহেব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে কাপাসিয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় ভোটাররা জানান, কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রদান করছেন। প্রার্থী বা কর্মী-সমর্থকদের কোনো ভয়ভীতি ছাড়াই তারা স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদের দাবি, গত ১৭ বছর তারা নিজেদের ভোট দিতে পারেননি। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পেয়ে তারা ঈদের মতো আনন্দ অনুভব করছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও