• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু!

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মো. জুয়েল রানা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দেখা গেল এক আবেগঘন ও ব্যতিক্রমী দৃশ্য। ১১০ বছর বয়সী সূর্যবানু নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। বয়সের ভারে ন্যুব্জ শরীর, কিন্তু চোখেমুখে ছিল দৃঢ়তা আর তৃপ্তির হাসি।
সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলের নির্বাচনী লড়াই তার কাছে শুধু রাজনৈতিক অংশগ্রহণ নয়, বরং জীবনের এক স্মরণীয় অধ্যায়।
নাতি সুলাইমানের কোলে ভর করে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারা তাকে সহায়তা করেন। ভোট প্রদান শেষে বেরিয়ে এসে ছেলের সাফল্য কামনায় দোয়া করেন শতায়ু এই মা। তার উপস্থিতিতে কেন্দ্রজুড়ে সৃষ্টি হয় ভিন্নমাত্রার আবহ। অনেকে এগিয়ে এসে সালাম জানান, খোঁজখবর নেন। তরুণ ভোটারদের মাঝেও ছিল গভীর আগ্রহ ও সম্মানবোধ।
গাজীপুর-১ আসন জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। এই আসনে গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং কালিয়াকৈর উপজেলা অন্তর্ভুক্ত। এলাকায় একটি পৌরসভা, একাধিক কর্পোরেশন ওয়ার্ড এবং অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৬০ হাজার ২৪৬ জন, নারী ভোটার ৩ লাখ ৬০ হাজার ৬৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। গাজীপুর-১ আসনে মোট ২৩৭টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালের শুরুতেই ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আসতে শুরু করে এবং ভোটার সংখ্যা সকালের তুলনায় কিছু সংখ্যক বাড়তি দেখা যায়। কিছু কিছু ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা কম দেখা গেলেও অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তরুণ ভোটাররা জীবনের প্রথম ভোট দিতে পেরে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাছাড়াও দীর্ঘদিন পর স্বাচ্ছন্দে এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গাজীপুর-১ আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও