প্রভাত রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট পড়েছে ৫২ দশমিক ৩৪ শতাংশ। এখানে মোট চারটি কেন্দ্রে ভোটার ছিলেন ১১ হাজার ২৯৮ জন। ভোট দিয়েছেন ৫ হাজার ৯১৪ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে চারটায়।
নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গ্রহণ হয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিটি বুথে ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা ও আনারসের প্রার্থীর প্রতিনিধি ছিলেন।
বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তাঁরা কেউ জাল ভোটের অভিযোগ করেননি।
চারটি ভোটকেন্দ্রের একটির প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাঁর কেন্দ্রে ভোটার ছিল ৩ হাজার ২৭৬ জন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শেষ সময়ে ভোটারের উপস্থিতি কম। ভোট গ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করেছেন। সেখানে ৬৯ নম্বর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৪২৪ জন। তবে বেলা সাড়ে তিনটা নাগাদ ভোট পড়েছে মাত্র ৯১১টি। শতকরা হিসেবে প্রায় ৩৭ শতাংশ।
কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইসমাইল হোসেন বলছেন, এখানকার অনেক ভোটার অবসর গ্রহণের পর গ্রামে চলে গেছেন। তাই ভোট পড়ার হার কিছুটা কম। এই স্কুলের ৭২ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৩৪টি। তবে শেষ ঘণ্টার আগে ভোট পড়েছে মাত্র ৯৬২টি। অর্থাৎ ভোট পড়েছে ৩৫ শতাংশ। আর শেষ সময়ে ভোটার এসেছেও কম।