• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঋষভ রিখিরাম রবিশঙ্করের শিষ্য ছিলেন না- আনুশকা শঙ্কর

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে পরিচিতি পান তরুণ সেতারবাদক ঋষভ রিখিরাম। এখন শুধু ভিডিও বা রিলসে নয়, ভারতের বড় বড় আয়োজনে পারফর্ম করেন তিনি। প্রতিটি অনুষ্ঠানে ঋষভের দাবি, তিনি রবিশঙ্করের ‘শেষ সর্বকনিষ্ঠ শিষ্য’। তবে সেই দাবিকে মিথ্যা বলেছেন পণ্ডিত রবিশঙ্কর কন্যা আনুশকা শঙ্কর।
প্রয়াত সেতারবাদক রবিশঙ্করের একমাত্র কন্যা আনুশকাও আন্তর্জাতিক মানের সেতারবাদক। সম্প্রতি ‘ইন্ডিয়া ট্যুর’ উপলক্ষে ভারতে ফিরেছেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে একান্ত সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। উপমহাদেশ ছাপিয়ে সেতার ক্রমেই কীভাবে জনপ্রিয় হচ্ছে বিশ্বে, তা নিয়ে কথা বলেন তিনি। এদিন তিনি তরুণদের কাছে জনপ্রিয়তা পাওয়া সেতারবাদক ঋষভকে নিয়েও কথা বলেন। এই তরুণ সেতারবাদকের বাজনা তাঁকেও ছুঁয়ে গেছে বলে জানান তিনি। তারপরই ঋষভের দেয়া ‘রবিশঙ্করের ছাত্র’ তথ্যটি নিয়ে কথা বলেন।
আনুশকা বলেন, ‘ঋষভের সেতার শেখা নিয়ে কিছু ভুল কথা ছড়িয়েছে। ঋষভ কোনোভাবেই আমার বাবার শেষ এবং সবচেয়ে ছোট শিষ্য নন। রবিশঙ্করের কাছে কখনো সেতার শেখেননি ঋষভ। তিনি বাবার অন্যতম প্রিয় শিষ্য পরিমল সদাপালের কাছে সেতার শিখেছেন।’
পরিমল রবিশঙ্করের মতো আনুশকারও অত্যন্ত প্রিয়। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘পরিমল কাকুর কাছে সেতার শেখার সময় বাবার থেকে কিছু “ধুন” (একধরনের সুর) দেখেছিলেন ঋষভ। ব্যস, ওই পর্যন্তই।’
আনুশকা বরং ঋষভকে বেশি চেনেন সঞ্জয় রিখিরাম শর্মার ছেলে হিসেবে। শঙ্কর পরিবারের বাদ্যযন্ত্র প্রস্তুতকারী হচ্ছেন রিখিরাম। রবিশঙ্করের কন্যার মতে, ‘খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে ঋষভের যাতায়াত ছিল। ওকে আমাদের বাড়ির সবাই খুব স্নেহ করি।’
ভারত সফরে দিল্লি, মুম্বাই, কলকাতা মিলিয়ে ছয়টি শো করেছেন আনুশকা। শেষ কনসার্টটি করেন কলকাতায়। আর ওই অনুষ্ঠানটিকে তিনি ‘স্বপ্নের’ সঙ্গে তুলনা করেছেন। কনসার্টে ছিলেন অতিথি শিল্পী অরিজিৎ সিং; এই গায়কের উপস্থিতি ও পরিবেশনা আনে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও