প্রভাত রিপোর্ট: বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত তিন শতাধিক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হন। আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এ ছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এইচআরএসএস জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে, নির্বাচনী কর্মকর্তা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে সংগঠনের কমপক্ষে ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি পায়নি কিংবা প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন।
এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত বলে এইচআরএসএসের সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এইচআরএসএস বলছে, নির্বাচন পরবর্তী এসব সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, ঘরবাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।