প্রভাত রিপোর্ট: মন্ত্রিসভার ৫০ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসানের সই করা চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এসবির অতিরিক্ত মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনারের (প্রটেকশন) কাছে পাঠানো হয়েছে।